Sunday, September 21, 2014

পারিশ্রমিক

রাত দেড়টা।
গভীর রাতেও কিছু মানুষ গাড়ি হাকিয়ে ছুটে চলছে রাস্তায়।
অনেকেই ঘুমের ঘোরে স্বপ্নরাজ্যে ভেসে বেড়াচ্ছে।
চন্দ্রিমা উদ্যান এর অন্ধকার কোনে পড়ে থাকা একটি ভ্যানে বসে আছেন একজন মধ্য বয়সী মানুষ। আকাশে রুপোলী থালার মত দেখতে চাঁদ, কিন্তু তার সে উথাল-পাথাল জোছনা গাছের পাতা ভেদ করে মানুষটির গায়ে এসে পড়ছে না।
মানুষটির নাম সৈয়দ আসাদুজ্জামান খান।
আসাদুজ্জামান খান সাদামাটা একজন মানুষ। ছোট একটি সরকারি চাকরি করছেন আজ প্রায় বিশ বছর। ছোট একটি বাসা নিয়ে ঢাকার মুগদাপারায় তার বাস। বাড়িতে তার স্ত্রী এবং দুই কন্যা নিয়ে সুখী জীবন যাপন করেন।
কিন্তু আজ তাকে বাসা ছেড়ে চন্দ্রিমার অন্ধকারে বসে থাকতে হচ্ছে।
এর কারণ অবশ্য এই না যে বাড়িতে তার কোন ঝামেলা হয়েছে। স্ত্রীর সাথে তার ঝগড়া হয় নি। তার চাকরি ও চলে যায় নি। সব কিছু ঠিকই আছে।
শুধু মাসিক বেতন পকেটে নিয়ে বাসায় ফেরার সময় টাকাটা ছিনতাই হয়ে গেল!

প্রতিদিনের মতই অফিস শেষে হেঁটেই ফিরছিলেন। তার বাসা থেকে অফিস খুব বেশি দূরে নয়। বিকেলে হেঁটেই ফেরেন, রিক্সা নেন না। এতে করে একটু পরিশ্রম হয়, শরীরটাও ফিট থাকে।
আজও অফিস শেষে ছোট মেয়ের জন্য বার্থডে কেক নিয়ে বাড়ি আসছিলেন।
বাসার সামনের কানা গলিটায় ঢুকতেই চার জন যুবক এগিয়ে আসল। একজন খুব কৌশলে আসাদুজ্জামান সাহেবের কমরে ছুরি ধরল। ছুরির ধার বেশ টের পাচ্ছিলেন তিনি। এ গলিটায় কোন বাতি নেই, সন্ধ্যের পর লোকজন ও বেশ কমে যায়; ছিনতাই করবার উপযোগী সময়।
ছুরি ধরে রাখা ছোকরাটা আস্তে করে কোমরে খোঁচা দিল।
চাচা, কোন রকম ভান-ভনিতা করবা না। চুপ কইরা খারাও, যা দরকার আমরাই নিতেসি।
সামনে দাঁড়িয়ে থাকা শুটকো এক ছেলে এগিয়ে এসে একে একে ঘড়ি, মোবাইল, চশমা খুলে নিল।
মানিব্যাগ আর বেতনের খামটা বেড় করে নিল অনেক যত্নের সাথে!
পাশে দাঁড়িয়ে ভুরিওয়ালা, সানগ্লাস চোখে দেওয়া ছেলেটা এতক্ষণ হাসছিল। এবার সে মুখ খুলল।
জব্বার, চাচার চশমাটা দিয়া দে, নাইলে বাসায় যাবে কেমনে! চশমা নিয়া তো আমাদের কোন কাম নাই।
জব্বার চশমা ফেরত দিয়ে দিল।
কেক টা নিয়া নেই, কি কন ভাই? বহু দিন কেক খাই না!
ঠিকাসসে, কেক নিয়া নে। মিস্টার বেকার এর কেক, চখাম টেস্ট, আমার এক ভাইগ্নার জন্মদিনে খাইসিলাম!
সবাই খুশি মনে চলে গেল।
আসাদুজ্জামান খান রাত ন’টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন।
ছোট মেয়েটার জন্য গত বছর কেক কেনা হয় নি। আজ সকালে তাকে কথা দিয়ে বেড় হয়েছিলেন ফেরার সময় ভালো ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে আসবেন।
মারিয়ার কেমন লাগবে যখন সে দেখবে বাবা খালি হাতে ফিরেছে, কথা দিয়ে কথা রাখেনি?
আসাদুজ্জামান সাহেব উলটো দিকে হাঁটা শুরু করলেন।
হেঁটে হেঁটে কখন যে চন্দ্রিমা উদ্যান এ চলে আসলেন, ছলছলে চোখ তা বুঝতেই দেয় নি!

এখন রাত আড়াইটা, আসাদুজ্জামান খান ছেলেবেলার মত ভ্যান এ পা ঝুলিয়ে বসে আছেন।
মন অনেকটা হাল্কা হয়েছে, কিন্তু এতো রাতে কিভাবেই বা বাসায় ফিরে যাবেন!
জোছনায় চারপাশ যেন ঝলসে যাচ্ছে! শুধু তিনি যে ভ্যানে বসে আছেন সে পাশটাই অন্ধকারে।
বামে একটু দূরেই একটি বসার বেঞ্চ। বেঞ্চের ওপর দুটি কালো ছায়া বেশ উত্তেজনার সাথে ওঠানামা করছে। মৃদু গোঙানির শব্দও ভেসে আসছে মেয়েলি কণ্ঠে।
আসাদুজ্জামান সাহেব ভাবলেন, যৌনতা বেপার টা মানুষের বেডরুমে সীমাবদ্ধ থাকলেই ভালো হত।
পার্কের সামনের রাস্তাটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, সোডিয়াম আলোয় রাতের রাজপথ দেখতে দারুন লাগে!
গোঙানির শব্দ একটু জোরালো হয়েছে বোধ হয়।
আসাদুজ্জামান খানের চোখ জোড়া লেগে এসেছে, একটু শুয়ে ঘুমিয়ে নিলে খারাপ হয় না।
এমন ভাবছেন তখনি বড় রাস্তায় শোরগোলে আসাদুজ্জামান সাহেবের তন্দ্রা ভেঙ্গে গেল। কিছু একটা গণ্ডগোল হয়েছে। রাস্তায় চারটি ছেলে ঝগড়া শুরু করেছে নিজেদের ভেতর। শুনে মনে হল বেপার টা টাকা ভাগাভাগি বিষয়ে কিছু হবে।
ভালো করে বেপার টা দেখার জন্য আসাদুজ্জামান অনেক খানি এগিয়ে গেলেন রাস্তার দিকে।
মোটা করে স্বাস্থ্যবান একটা ছেলে হঠাৎ আরেকটি ছেলের কলার টেনে ধরে কোমর থেকে পিস্তল বেড় করলো, ছেলেটির মাথায় ঠেকাল জিনিসটা।
মোরের পুলিশ বক্স এ ঝিমিয়ে থাকা পুলিশেরা ঘটনার আঁচ গায়ে লাগতেই ছুটে আসল।
আসাদুজ্জামান খান নিজের অজান্তেই অনেক খানি এগিয়ে এসেছেন। আর ত্রিশ গজ এগুলেই তিনি রাস্তায় গিয়ে উঠবেন।
পুলিশ দেখেই ছেলেগুলো ঝগড়া বাদ রেখে দৌরে পালিয়ে গেল। পুলিশেরা শিকার হাতছাড়া করে আবার ঝিমোতে ঝিমোতে ফিরে গেল পুলিশ বক্সে।
আসাদুজ্জামান খান রাস্তায় উঠে আসলেন। দেখলেন পুলিশ গুল সিগারেটের ধোঁয়া ছারতে ছারতে সামনে চলে যাচ্ছে।
তিনি পেছনে তাকালেন যেখানে ছেলেগুলো দাঁড়িয়ে ছিল।
আরে! ওটা কি?
কালো মতন কি যেন পড়ে আছে ফুটপাতে।
আসাদুজ্জামান এগিয়ে গেলেন। ঝুকে পরলেন জিনিসটির দিকে।
একটা পেট মোটা মানিব্যাগ!
মানিব্যাগ টা হাতে উঠিয়ে নিলেন আসাদুজ্জামান। খুললেন সেটা।
ভেতরে অনেকগুলো কচকচে পাঁচশ টাকার নোট। আসাদুজ্জামান সাহেবের মুখে চওড়া হাঁসি ফুটে উঠলো, কিন্তু সেটা অনেকগুলো টাকা পেয়ে যাওয়ার খুশিতে নয়।
মানিব্যাগ এর প্লাস্টিক পকেটের আইডি কার্ডটি যে তারই!

সোডিয়াম লাইট ও চাঁদের আলোতে ভেসে যাওয়া রাজপথ ধরে সৈয়দ আসাদুজ্জামান খান বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলেন।

                                         


                                              সমাপ্ত